নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামুতে পাহাড় কাটতে গিয়ে মাটি ধ্বসে শ্রমিকের মৃত্যু হয়েছে।
১৮ জুন বুধবার সকালে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের জনু মাতবর পাড়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিরাজুল হক প্রকাশ গুরাইয়া (২৮) উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চাইল্যাতলী এলাকার মো. কালুর ছেলে।
রামু থানার ওসি তৈয়বুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- পাহাড় কাটার সময় মাটি ধ্বসে পড়ে একজনের মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানিয়েছেন- ওই এলাকার বন বিভাগের হেডম্যান ছৈয়দ নুরের ছেলে নজরুল ইসলাম নিজস্ব ডাম্পার দিয়ে সম্প্রতি পাহাড় কেটে মাটি পাচার করে আসছিলেন। বুধবার ভোরে মাটি কাটার সময় নজরুলের নিয়োগকৃত শ্রমিক সিরাজুল হক মাটি চাপা পড়েন। সকাল ৯ টার সময় মাটি সরিয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়।