
সিবিকে ডেস্কঃ
চায়না কমিউনিষ্ট পাটির্ (সিপিসি) করোনা প্রতিরোধে বিএনপির তৎপরতার প্রতি সংহতি প্রকাশ করেছে। তার নিদর্শন হিসেবে চায়না কমিউনিষ্ট পাটির্ (সিপিসি) এর পক্ষ থেকে ২২ এপ্রিল সকাল ১১টায় ঢাকার চীনা দূতাবাস বিপুল পরিমান মাস্ক এর একটি অনুদান-চালান বিএনপি প্রতিনিধি দলের হাতে হস্তান্তর করেছে।
বাংলাদেশের জনগণ ও জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতি চায়না কমিউনিষ্ট পার্টির এই সংহতি ও সহমর্মিতার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনের প্রেসিডেন্ট মিঃ শি জিন পিং ও সিপিসি’র প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কৃতজ্ঞতা জানানো হয়।
এর আগে সকালে চায়না দূতাবাস থেকে সিপিসির এই বার্তা বিএনপিকে জানানো হলে অনুদানের (মাস্কের) চালান গ্রহণ করার জন্য চায়না দূতাবাসে দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির তিন সদস্যের একটি প্রতিনিধি দলকে পাঠানো হয়।
প্রতিনিধি দলের নেতা দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদসহ দলে ছিলেন আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু।
চায়না দূতাবাসের পক্ষ থেকে যথাক্রমে মিঃ ফেং ঝিজিয়া ও মিঃ ঝেং ঐ অনুদান সামগ্রী তাদের কাছে হস্তান্তর করেন। চীনা রাষ্ট্রদূতসহ ঢাকাস্থ দূতাবাসের কর্মকর্তাদেরও এ উপলক্ষে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। -বাংলাদেশ টুডে













