
সিবিকে ডেস্কঃ
দেশের ৬৪ জেলার মধ্যে পার্বত্য জেলা রাঙামাটিই একমাত্র জেলা যেটি এখনও করোনাভাইরাসমুক্ত। দেশে করোনা শনাক্তের ৫৫ দিন পরও কিভাবে এই জেলা নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছে, তার কারণ জানিয়েছেন রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা ইউনিটের ইনচার্জ ডা. মোস্তফা কামাল।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ডা. কামাল বলেন, “রাঙামাটির প্রশাসন সারাদেশের চেয়ে একেবারেই ব্যতিক্রম ছিল। উনারা শুরু থেকেই রাঙামাটির সবগুলো প্রবেশপথ বন্ধ করে দেন। অন্য জেলা থেকে আসা মানুষকে হোম কোয়ারেন্টাইন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে বাধ্য করেছেন। কাউকেই ন্যূনতম ছাড় দেননি। এরসঙ্গে জেলার মানুষও অনেক বেশি সচেতনতার পরিচয় দিয়েছেন। একইসাথে রাঙামাটি জেলার ভৌগলিক অবস্থান, দুর্গমতা ও হ্রদবেষ্টিত হওয়ার কারণে কিছু সুবিধাও মিলেছে।”
ডা. মোস্তফা কামাল বলেন, ‘এখনই আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই, বিপদ এখনও কাটেনি। শেষ পর্যন্ত করোনামুক্ত থাকা যাবে, এমনটাও ভাবা উচিৎ হবে না।”
প্রসঙ্গতঃ ৬ হাজার বর্গকিলোমিটার আয়তনের দেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটির জনসংখ্যা সোয়া ৬ লাখের মতো। রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, ১ মে পর্যন্ত এই জেলা থেকে মোট ২২৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছিল। এরমধ্যে ১৩৩ জনের পরীক্ষার রিপোর্টে কোভিড-১৯ নেগেটিভ এসেছে।











