
ইমরান আল মাহমুদ,উখিয়াঃ
উখিয়া উপজেলার ব্যস্ততম স্টেশন কোটবাজারে অবৈধভাবে গড়ে উঠা ফুটপাত ও পার্কিং উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উখিয়া উপজেলা প্রশাসন। রবিবার(২৪শে জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ’র নেতৃত্বে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালনা করা অভিযানে সড়কের উপর অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আমিমুল এহসান খান,উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোর্শেদসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় যানজট সৃষ্টি করে সড়কের উপর পার্কিং করা যানবাহন সরিয়ে দেওয়া হয়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানান, কোটবাজার স্টেশনে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট ও পার্কি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪জনকে ৩৯হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনদূর্ভোগ লাঘবে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এদিকে যানজট নিরসনে কোটি কোটি টাকা ব্যয়ে কক্সবাজার-টেকনাফ সড়ক প্রশস্তকরণ ও সংস্কার হয়। সড়কের দুপাশে গড়ে উঠা সকল ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জনদূর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের অভিযানকে স্বাগত জানিয়েছে সর্বস্তরের জনসাধারণ।
তবে এর আগে অনেকবার ফুটপাত দখলকারীদের উচ্ছেদের নোটিশ দেয়া হয়েছিলো বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।












