
বার্তা পরিবেশক
শহরের বৈদ্যঘোনায় আমির উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতার বসত বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে বলে জানা গেছে। হামলা ও ভাংচুরে বাধা দিতে গিয়ে আহত হয়েছে ওই আওয়ামী লীগ নেতা। সোমবার (১৫ মার্চ) বিকাল ৩টায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, পৌর আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের ১নং ইউনিটের সভাপতি মৃত কামাল উদ্দিনের পুত্র আমির উদ্দিন সম্প্রতি তার বাড়ির সংস্কার করছেন। সংস্কারের অংশ হিসেবে তিনি বাড়ির জানালায় থাই গ্লাস লাগান। কিন্তু তার পাশে বসবাস করা আমির উদ্দিনের আপন বড় ভাই হায়দার উদ্দিন এতে বাধা প্রদান করেন। বাধা দেয়ার কারণ জানতে চাইলে হায়দার উদ্দিন বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করে আমির উদ্দিনকে। এসময় হায়দার উদ্দিনের নেতৃত্বে ৫/৬ জন দুবৃর্ত্ত আমির উদ্দিনের জানালার থাই গ্লাসসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় আমির উদ্দিনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শন করেছে কক্সবাজার সদর থানার একদল পুলিশ। এ ব্যাপারে হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
আওয়ামী লীগ নেতা আমির উদ্দিন জানান, গত ২ বছর আগে তালেব নামে এক সার্ভেয়ার জমি পরিমাপ করে ভাইদের মাঝে ট্রেস বুজিয়ে দেন। ওইসময় সবার সুবিধার্থে বাড়ির সীমানায় প্রায় ৮ ফিট জায়গা খালি রাখা হয়। সম্প্রতি আমি বাড়ি সংস্কার করতে গেলে আমার আপন বড় ভাই বাধা দিয়ে সীমানা ঘেষে ওই খালি জায়গায় দেয়াল নির্মাণ করার প্রস্তুতি নেয়। আমি আমার বড় ভাইকে জানায়, ৫—৬ ইঞ্চি জায়গা খালি রেখে দেয়াল নির্মাণ করতে। কিন্তু তিনি কারো কথায় কর্ণপাত না করে লোহাড় রড, কোদালসহ ধারালো অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায়। এসময় আমার বাড়ির জানালার থাই গ্লাসসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করা হয়।











