
সিবিকে ডেস্কঃ
করোনা সংক্রমণ রোধে বুধবার (১৪ এপ্রিল) থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী কঠোর লকডাউন। যেখানে ‘মুভমেন্ট পাস’ ছাড়া বাইরে বের হলেই পড়তে হচ্ছে পুলিশি জেরায়।
তাই লকডাউনে ঘরের বাইরে বের হওয়ার জন্য মুভমেন্ট পাস পেতে প্রায় ১৬ কোটি আবেদন জমা পড়েছে। প্রতি মিনিটে ১৪ হাজার ২৬টি আবেদন করা হচ্ছে। এর মধ্যে তিন লাখ ১৬ হাজার ৮০১টি পাস ইস্যু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, বুধবার বেলা ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত মুভমেন্ট পাসের জন্য আবেদন করা হয়েছে ১৫ কোটি ৯৯ লাখ ২২ হাজার ৬৫টি। তবে চার লাখ ৯৭৭ জন রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছেন।
এ সময় পাস ইস্যু করা হয় ৩ লাখ ১৬ হাজার ৮০১টি। আর গ্রহণ করা হয় ৩ লাখ ১৬ হাজার ৭৫৪টি পাস।
যাদের লাগবে না মুভমেন্ট পাস
বেশ কিছু পেশাকে আলাদা করা হয়েছে এই জরুরি সময়ে, ঘরের বাইরে বের হতে যাদের মুভমেন্ট পাসের কোনো প্রয়োজন নেই। পরিচয়পত্র দেখালেই চলবে পেশাজীবীদের।
নিষেধাজ্ঞামুক্ত এসব পেশা হচ্ছে- চিকিৎসা, ব্যাংকিং, গণমাধ্যম, শিল্প কারখানা, গার্মেন্টস ও উৎপাদন, বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সেবা। টেলিফোন, ইন্টারনেট ও ডাকবিভাগের সরকারি কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস, বন্দর সংশ্লিষ্ট কর্মচারী।













