
পুলিশ ফাঁড়িতে আটকে রেখে অমানবিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছিল সিলেটের যুবক রায়হান আহমেদ। আর সেই হত্যা মামলার চার্জশিট বুধবার (৫ মে) আদালতে দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পুলিশের এসআই আকবরসহ ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ওই চার্জশিটে।
সিলেট নগরীর আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমদকে গত বছরের ১০ অক্টোবর গভীর রাতে কাষ্টঘর এলাকা থেকে তুলে নেওয়া হয়। মুক্তি পেতে হলে চাওয়া হয় মোটা অংকের ঘুষ। কিন্তু তা দিতে না পারায় বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আটকে রেখে রায়হানের ওপর নির্যাতন চালান ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ পুলিশ সদস্যরা। পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
রায়হান হত্যার পরদিন তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। অনেক নাটকীয়তার পর গ্রেপ্তার করা হয় মামলার প্রধান অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ির এসআই আকবর হোসেন ভূঁইয়াকে। ঘটনার পর তিনি অবশ্য পালিয়ে গিয়েছিলেন পাশের দেশ ভারতে।
তবে তার আগেই রায়হান হত্যায় গ্রেপ্তার করা হয় এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী, কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুনুর রশিদকে।













