
সিবিকে ডেস্কঃ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১৬১ জনে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জনে।
মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৭০৮টি ল্যাবরেটরিতে ৪৮ হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ ও ৪৭ হাজার ৪২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৮২ লাখ ১২ হাজার ৪১টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৪ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৭৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত ২৬৪ জনের মধ্যে শূন্য থেকে দশ বছরের একজন, বিশোর্ধ্ব ছয়জন, ত্রিশোর্ধ্ব ১৬ জন, চল্লিশোর্ধ্ব ২৫ জন, পঞ্চাশোর্ধ্ব ৬৬ জন, ষাটোর্ধ্ব ৮৫ জন, সত্তরোর্ধ্ব ৪৮ জন, আশি-উর্ধ্ব ১২ জন ও নব্বই বছরের বেশি বয়সী পাঁচজন রয়েছেন।
বিভাগ হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৯২ জন, চট্টগ্রামে ৬০ জন, রাজশাহীতে ২৫ জন, খুলনায় ২৭ জন, বরিশালে ১১ জন, সিলেটে ১৭ জন, রংপুরে ১৪ জন ও ময়মনসিংহ বিভাগে ১৮ জন রয়েছেন।













