
নিজস্ব প্রতিবেদকঃ
সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়া কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গাদের শীর্ষস্থানীয় নেতা মো. মুহিবুল্লাহর নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে। জানাজায় হাজারো মানুষ অংশ নেয়।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আসরের নামাজের পর উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ ইস্ট ২ নম্বর কেন্দ্রে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নিহত মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বলেন, ‘বিকেল ৩টায় কক্সবাজার সদর হাসপাতালের মর্গ থেকে ভাইয়ের (মুহিবুল্লাহ) মরদেহ নিজ বাসস্থানে আনা হয়। ক্যাম্প সংলগ্ন লম্বাশিয়া মসজিদে নামাজে জানাযা হয়। জানাযায় উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের হাজারো মানুষ অংশ নেন।
উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘উখিয়া লম্বাশিয়া ক্যাম্পে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি ক্যাম্পে যেকোনও বিশৃঙ্খলা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’
উল্লেখ্য, বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুতুপালং মেগা ক্যাম্পের মধ্যে লম্বাশিয়ায় অবস্থিত এআরএসপিএইচ কার্যালয়ে একদল অস্ত্রধারী গুলি করে হত্যা করে রোহিঙ্গাদের এ নেতাকে। ৯ সন্তানের জনক ছিলেন মুহিবুল্লাহ। মিয়ানমারে থাকতে তিনি একটি স্কুলে শিক্ষকতা করতেন বলে ক্যাম্পের বাসিন্দারা জানিয়েছে












