মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে প্রত্যাবাসনে প্রভাব পড়বে না: পররাষ্ট্র সচিব

0
7
নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের উপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে শনিবার বিকেলে ঢাকায় যাওয়ার পথে কক্সবাজার বিমানবন্দরে এসব কথা বলেন তিনি।

এ সময় পররাষ্ট্র সচিব আরও বলেন, আমরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছি। রোহিঙ্গা নেতাদের সঙ্গে কথা বলেছি।

কথা বলেছি অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত মুহিবুল্লার পরিবারের সঙ্গেও। তাদের নিরাপত্তার বিষয়টিও দেখা হচ্ছে। ক্যাম্পে কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দেয়া হচ্ছে না। প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর জন্যও বিভিন্ন বিষয়ে কাজ চলমান রয়েছে।
ভাসানচর প্রক্রিয়ায় জাতিসংঘ যুক্ত হয়েছে। আস্তে আস্তে সবকিছু সরকারের নিয়ন্ত্রণে থাকছে।তিনি বলেন, মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

তাই এ ঘটনা প্রত্যাবাসনকে ব্যাহত করতে পারবে না।দেশীয় গণমাধ্যম ক্যাম্পে প্রবেশে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়টি আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে দুইদিনের সফরের দ্বিতীয় দিনে শনিবার দুপুরে চার সদস্যের প্রতিনিধি দলটি মুহিবুল্লাহ হত্যার ঘটনাস্থল কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্প পরিদর্শন করেন।

প্রতিনিধি দলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ছাড়াও আছেন পশ্চিম ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়নের মহাপরিচালক ফায়াজ মুর্শিদ কাজি, পররাষ্ট্র সচিবের দফতরের মহাপরিচালক মো. আলীমুজ্জামান ও সহকারী সচিব শোয়াইব-উল ইসলাম তরফদার।

এর আগে শুক্রবার দুইদিনের সফরে বিমানযোগে কক্সবাজারে যান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলটি। বিকেলে তারা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়।

আগেকক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ-পুনর্বাসন কেন্দ্রে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক
পরেযুক্তরাষ্ট্র-তালেবান বৈঠকে ‘সম্পর্কের নতুন অধ্যায়’ নিয়ে আলোচনা