
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে নবগঠিত ঈদগাঁও উপজেলায় ফুলছড়ি নদীর চরে জাল বসানোকে কেন্দ্র করে নৌকার বৈঠা দিয়ে আবদুর রহিম (২৯) নামের এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে অপর জেলে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড উত্তর গোমাতলী রাজঘাটের ফুলছড়ি নদীর উত্তরের চরে এ ঘটনা ঘটে।
নিহত আবদুর রহিম (২৯) পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী রাজঘাটপাড়ার মৃত আবু আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলে আবদুর রহিম প্রতিদিনের মতো নদী মোহনায় মাছ ধরতে যান। এ সময় নদীর একই পয়েন্টে জাল বসানোকে কেন্দ্র করে অপর এক জেলের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এর জের ধরে অপর জেলে নৌকার উপরেই জেলে আবদুর রহিমের মাথায় উপর্যুপরি নৌকার বৈঠা দিয়ে আঘাত করে। এতে জেলে আবদুর রহিম অজ্ঞান হয়ে পড়েন। ঘটনার পর অনতিদূরে থাকা অপর জেলে ও লোকজন এগিয়ে গেলে ঘাতক জেলে পালিয়ে যায়।
নিহতের ভাতিজা মো. জিসান জানান, তার চাচাকে নদীতে জাল বসানোকে কেন্দ্র করে নদীর অপরপাড়ের ইসলামপুর ইউনিয়নের খান ঘোনার আমানু নামের অপর জেলে মাথায় আঘাত করে। এতে তার অধিক পরিমাণে রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই নিস্তেজ হয়ে যান আবদুর রহিম। পরে অন্যরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈদগাঁও থানার ওসি আবদুল হালিম বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন।













