
উখিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে খালেদা বেগম (২৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে এপিবিএন-এর সদস্যরা। সোমবার (২২ নভেম্বর) বিকালে বালুখালীর ১৪ নম্বর ক্যাম্পের সি-ব্লক থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত খালেদা বেগম বালুখালীর ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা হাফেজ আহমদের স্ত্রী।
ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। তবে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে এপিবিএন জানায়, সোমবার বিকালে ১৪ নম্বর হাকিমপাড়া ক্যাম্পে পারিবারিক কলহের জেরে হাফেজ ও খালেদার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাকে গলাকেটে হত্যা করেন হাফেজ। সেখানেই খালেদার মৃত্যু হয়।
কক্সবাজার-৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খালেদার সতিন নুর হাসিনা (২২) এবং হাফেজের ভগ্নিপতি মোহাম্মদ আলীকে (৩৫) আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি প্রক্রিয়াধীন।












