
সিবিকে ডেস্কঃ
চট্টগ্রামের সাতকানিয়ার চার ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে আওয়ামী লীগের প্রার্থীরা। তিনটি ইউপিতে কোনো প্রার্থী না থাকায় এবং একটি ইউপিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় বিনা ভোটে জয়ের পথে নির্বাচিত হওয়ার পথে তারা।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন যারা—সাতকানিয়া সদর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোহাম্মদ সেলিম উদ্দীন, মাদার্শায় উপজেলা যুবলীগের আহ্বায়ক আ.ন.ম সেলিম উদ্দীন চৌধুরী, কেঁওচিয়া উত্তর সাতকানিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান আলী, পুরানগড়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান মাহবুবুল হক সিকদার।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মাদার্শা, কেঁওচিয়া এবং পুরানগড় ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া কোনো প্রার্থী মনোনয়ন জমা দেয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তারা। অন্যদিকে সাতকানিয়া সদর ইউনিয়নে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রিদুওয়ানুল কবিরের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ। বুধবার (১৯ জানুয়ারি) আপিল শুনানি শেষে মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত বহাল রাখেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা। ফলে এই ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দীন।











