
বান্দরবানের আলীকদম উপজেলায় কেরোসিনের বাতি থেকে ঘরে আগুন লেগে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার রাতে উপজেলার কলারঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রেংনং ম্রো (৩৬) আলীকদম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লাংরি পাড়ার কারবারি দররুই ম্রোর ছেলে ও একই পাড়ার মানপু ম্রোর ছেলে রিংরাও ম্রো।
আহত ব্যক্তি হলেন— মেনরাই ম্রোকে (৪২)। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন।
স্থানীয়রা ধারণা করছেন, রাতে অতিরিক্ত মদ পান করে অবচেতন অবস্থায় কুপির বাতি না নিভিয়েই ঘুমিয়ে পড়েন ওই তিন যুবক। পরে গভীর রাতে কুপির বাতি (চেরাগ বাতি) পড়ে গিয়ে ঘরে আগুন লেগে যায়। এ সময় ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলেই পুড়ে অঙ্গার হয়ে যান রেংনং ম্রো ও রিংরাও ম্রো। দগ্ধ হন মেনরাই ম্রো।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন জানান, নিহত দুইজনেরই শরীর আগুনে মারাত্মকভাবে পুড়ে গেছে। এ কারণে লাশ নিয়ে আসা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় একটা অপমৃতু মামলা হয়েছে।











