
নিজস্ব প্রতিবেদকঃ
উখিয়ার পাটোয়ারটেক সৈকত এলাকায় ভেসে এসেছে একটি মৃত ডলফিন। রবিবার সকাল ১১টার দিকে জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে আসে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় জেলে আবদুল হক জানিয়েছেন, জোয়ারের পর পাটোয়ারটেক (পাথররাণী) সৈকতে মৃত ডলফিন পড়ে থাকতে দেখা যায়। পরে প্রশাসনকে জানানো হয়। দুই বা তিন দিন আগে ডলফিনটি মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কিভাবে মারা গেছে তার ধারণা নেই।
স্থানীয় রেস্টুরেন্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন জুয়েল বলেন, পর্যটক ও উৎসুক স্থানীয় লোকজন ভেসে আসা মৃত ডলফিনটি দেখতে ভিড় করছে। ডলফিনটি দেখতে পেয়ে বনবিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের লোকজনকে জানানো হয়।
কক্সবাজার দক্ষিণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা সরওয়ার আলম বলেন, মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়ে লোকজন পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়ে যেভাবে ব্যবস্থা নেয়া দরকার তা নেয়া হবে।
উল্লেখ্য, ২০২১ সালের শুরু দিকে কক্সবাজারের দরিয়ানগর সৈকত এলাকায় ভেসে এসেছিলো বিশালকার দুটি ডলফিন। কয়েকদিনের ব্যবধানে কাছাকাছি এলাকায় ডলফিন দুটি ভেসে এসেছিলো।












