
সিবিকে ডেস্কঃ
মিয়ানমার উপকূলে মালয়েশিয়াগামী একটি নৌকা ডুবে অন্তত ১৭ জন রোহিঙ্গা নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। ডুবে যাওয়া নৌকাটিতে ৯০ জনের মতো আরোহী ছিল বলে জানা গেছে। রেডিও ফ্রি এশিয়ার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ে থেকে গত ১৯ মে নৌকাটি ছাড়ে। কিন্তু, এর কয়েকদিন পরই খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে।
রাখাইন উপকূলে কয়েকজনের মরদেহ ভেসে ওঠার পর নৌকাডুবির তথ্য জানা যায়।
ইউএনএইচসিআর গত আগস্টে এক রিপোর্টে জানায়, ২০২০ সালে সাগর পাড়ি দেয় দুই হাজার ৪১৩ জন রোহিঙ্গা। এর মধ্যে ২১৮ জন রোহিঙ্গা নিখোঁজ বা নিহত হন।













