
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ভারতের কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সরকারের বক্তব্য- বিজেপির সাসপেন্ডেড নেত্রীর বিতর্কিত মন্তব্যের জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। গতকাল রাজ্য বিধানসভায় নূপুরের বিরুদ্ধে এ নিন্দা প্রস্তাব পাস হয়। এ প্রস্তাব পাস করেন রাজ্যটির শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি।
ধর্মের নামে বিজেপির এক নেত্রীর মন্তব্যের জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চলছে। এর বিরুদ্ধে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।
উল্লেখ্য, কয়েকদন আগে ভারতের এক টেলিভিশন শোতে মহানবী ও তাঁর স্ত্রী আয়েশাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছিল নূপুর শর্মার বিরুদ্ধে। এরপর তাকে সমর্থন করে টুইট করে বিতর্ক ছড়িয়েছিলেন দলের আরেক মুখপাত্র নবীন জিন্দাল। ওই ইস্যুতে ঘরে-বাইরে প্রবল চাপের মুখে পড়ে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো এর তীব্র প্রতিবাদ জানায়। এর পরই তড়িঘড়ি নূপুর শর্মা ও নবীন জিন্দালকে ছয় বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়।
এ ইস্যুতে প্রায় এক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, গুজরাত, রাজস্থান, দিল্লিসহ ভারতের বিভিন্ন রাজ্যে লাগাতার প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলনে অংশ নেয় মুসলিম সংগঠনগুলো। কোথাও কোথাও তা সহিংসতার রূপ নেয়। নূপুর শর্মা ও নবীন জিন্দালের গ্রেফতার দাবি জানান মমতা ব্যানার্জিও। আবার উল্টো ছবিও দেখা যায়, নূপুরের সমর্থনে রাস্তায় নামেন একাধিক হিন্দুত্ববাদী সংগঠন ও দলের সংসদ সদস্যরা।













