
সিবিকে:
কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে একটি বন্দুক ও দুটি রামদাসহ দুই রোহিঙ্গা দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন)। আটককৃতরা হলেন, আলী জোহারের ছেলে আব্দুল্লাহ (২০), ইউসুফের ছেলে মোঃ ইয়াকুব (২৩)। তারা উভয়েই উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
বৃহস্পতিবার (৭ জুলাই) রাত পৌনে ৩টার দিকে হ্নীলা ইউনিয়নের উনচিপ্রাং ক্যাম্প-২২ থেকে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক।
তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতি, অপহরণ, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সহিত জড়িত থাকার মৌখিক অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা টি দেশীয় তৈরী একনালা বন্দুক, তিন রাউন্ড তাজা গুলি এবং দুটি রামদা উদ্ধার করা হয়।
ধৃতদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ১৬ এপিবিএন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক ।













