
নিজস্ব প্রতিনিধি:
মিয়ানমারের নিষিদ্ধ সংগঠন আরসা বাহিনীর ফতোয়া কমিটির চেয়ারম্যান নূর মোহাম্মদকে (৪৮) গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএনের সদস্যরা।
শুক্রবার (৯ জুলাই) রাত ১০টার দিকে উখিয়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প নৌকার মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক আরসা নেতা মৃত লাল মিয়ার ছেলে।
১৪ আমর্ড পুলিশের অধিনায়ক নাঈমুল হক জানান, রাতে আরসার সাংগঠনিক কার্যক্রম চালানোর সময় নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রায় সময় আধ্যাত্মিক ছদ্মবেশে চলতেন। এভাবে কৌশলে বিতর্কিত সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার কার্যক্রম চালাতেন।
প্রসঙ্গত, ২০১২ সালে সাম্প্রদায়িক সহিংসতার পর আত্মপ্রকাশ কার্যক্রম শুরু করে বিদ্রোহী গ্রুপটি। সশস্ত্র এই গ্রুপটি রোহিঙ্গাদের মিয়ানমার সরকারের নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে কাজ করে। এক পর্যায়ে ভয়ংকর রূপ নেয় সংগঠনটি।












