দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার

0
6

সিবিকে ডেস্কঃ

বাংলাদেশের মোট জনসংখ্যা বর্তমানে ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনের বলা হয়, বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা আট কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারীর সংখ্যা আট কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ১২ হাজার ৬২৯ জন।

১১ বছরে দেশের জনসংখ্যা বেড়েছে প্রায় দুই কোটি ১১ লাখ। এবারই প্রথম দেশে নারীর সংখ্যা বেড়েছে পুরুষের চেয়ে ।

এর আগে গত ১৫ জুন ভাসমান জনগোষ্ঠীর তথ্য সংগ্রহের মধ্য দিয়ে দেশে শুরু হয় ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা-২০২২’ কার্যক্রম। এবারই প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে করা হয় শুমারির কাজ। নিরাপত্তা ও সহজে তথ্য বিনিময়ের স্বার্থে দিনের বেলায় নিয়োজিত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন।

‘জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ এ প্রতিপাদ্য নিয়ে প্রাথমিকভাবে ২১ জুন রাত পর্যন্ত তথ্য সংগ্রহ কার্যক্রম চলে।

এর আগে সরকারি এক তথ্যবিবরণীতে জানানো হয়, এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি কার্যক্রম পরিচালিত হয়। একটি ওয়েবভিত্তিক ইনটিগ্রেটেড সেনসাস ম্যানেজমেন্ট সিস্টেম (আইসিএমএস) প্রস্তুতসহ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমে (জিআইএস) গণনা এলাকার বিভিন্ন পর্যায়ের কন্ট্রোল ম্যাপ প্রস্তুত করা হয়।

জনশুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমে শুমারিকর্মী হিসেবে সারা দেশে প্রায় ৩ লাখ ৭০ হাজার গণনাকারী, ৬৪ হাজার সুপারভাইজার এবং বিবিএসের সাড়ে ৪ হাজারের বেশি কর্মচারী এ প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন।

এ ছাড়া বিবিএসের বাইরে বিভিন্ন সরকারি দফতরের প্রায় ৯০০ জন কর্মচারী জোনাল অফিসার হিসেবে দায়িত্বপালন করেন।

শুমারিতে সঠিক তথ্য দিতে উদ্বুদ্ধকরণবিষয়ক গান, নাটিকা, ডকুড্রামা, শুমারি কাউন্ট ডাউন, ডকুমেন্টারি দেশের সব সরকারি-বেসরকারি গণমাধ্যমে প্রচার করা হয়। জেলা তথ্য অফিসের মাধ্যমে স্থানীয় ক্যাবল টিভিতে জনশুমারি প্রচার, প্রচারসামগ্রী বিতরণ, ডকুমেন্টারি প্রচারসহ শুমারি চলাকালে মাইকিং করা হয়।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি ও গৃহগণনা পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় দশ বছর পরপর ১৯৮১, ১৯৯১, ২০০১ এবং ২০১১ সালে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়।

আগেদুর্নীতি মামলায় প্রদীপের ২০, স্ত্রীর ২১ বছরের জেল
পরেদেশে মুসলিম জনগোষ্ঠী ৯১.০৪ শতাংশ, হিন্দু ৭.৯৫ শতাংশ