
শেফাইল উদ্দিন:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইউচুপেরখীল এলাকায় বসতবাড়ীতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, ইসলামাবাদ ইউনিয়নের ইউচুপেরখীল এলাকার মাষ্টার নুর আহমদের ছেলে ব্যবসায়ী সরওয়ার জাহানের স্ত্রী সন্তান নিয়ে ৯ সেপ্টেম্বর তার বাবার বাড়িতে বেড়াতে যায়। ১৩ সেপ্টেম্বর সরওয়ার জাহান ব্যবসায়িক কাজে কক্সবাজার যান। ১৪ সেপ্টেম্বর বাড়িতে ফিরে দেখতে পান চোরের দল জানালার গ্রিল কেটে, দরজা ভেঙে ৫ টি আলমিরার তালা ভেঙ্গে নগদ ৯৩ হাজার টাকা,১৩ ভরি স্বর্ণালঙ্কার সহ মুল্যবান জিনিস পত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সওয়ার জাহান ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী জানান, তার সর্বস্ব নিয়ে গেছে চোরের দল। নগদ টাকা ও চুরিকৃত স্বর্ণালঙ্কারসহ মুল্যবান জিনিস পত্র উদ্ধারে তিনি প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিমের মোবাইলে রিং দিয়ে রিসিভ না করায় ডিউটি অফিসার এস আই মিরাজের সাথে কথা হলে অভিযোগর বিষয়টি নিশ্চিত করেন এবং বিষয়টি জরুরী ভিত্তিতে দেখা হচ্ছে বলে জানান। এলাকার লোকজন জানান, চিহ্নিত একটি চক্র এলাকায় দীর্ঘদিন ধরে মাদক,চুরি,ডাকাতি, খুনসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছে। এদের গ্রেফতার করে আইনের আওতায় এনে চুরিকৃত স্বর্ণালঙ্কারসহ মালামাল উদ্ধারের দাবি জানান স্থানীয়রা।













