
নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বজ্রপাতে আনোয়ার হোসেন (৫৫) নামে পঞ্চাশোর্ধ এক কৃষক মারা গেছেন।
বুধবার (১৯ অক্টোবর) বিকেলে মধ্যম ভোমরিয়া ঘোনা এলাকায় নিজ ফসলি জমিতে বজ্রপাতে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত আনোয়ার ঈদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওর্য়াডের মধ্যম ভোমরিয়া ঘোনা হাজিপাড়া গ্রামের মৃত আব্দু রশিদের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম জানান, আনোয়ার প্রতিদিন তার নিজের ফসলি জমিতে বিভিন্ন ধরনের সবজি তুলতে যান। প্রতিদিনের মতো বুধবার বিকেলে তিনি জমিতে শসা তুলতে গেলে হঠাৎ বৃষ্টি শুরু হয়। তার কিছুক্ষণ পর বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। এ সময় একটু দূরে থাকা কৃষক নুরুল আবছারসহ কয়েকজন মিলে তাকে উদ্ধার করে ঈদগাঁও ডায়বেটিস কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।













