
স্পোর্টস ডেস্কঃ
অপেক্ষার প্রহর শেষে আর মাত্র কদিন পরেই পর্দা উঠছে কাতার ফুটবল বিশ্বকাপের। কাতারের বুকে হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। এবারের বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে থাকায় আর্জেন্টিনাকে ফেভারিট ভাবা হচ্ছে। পাড়ার চায়ের দোকান থেকে সর্বত্রই শোনা যাচ্ছে, আর্জেন্টিনার নাম। কিন্তু স্বয়ং লিওনেল মেসিই তার দেশকে ফেবারিটের কাতারে রাখতে চাইছেন না।
মেসির মতে, ৩৬ বছর পর প্রথম বিশ্বকাপ জিততে চাইলে আর্জেন্টিনাকে সবার আগে যে কাজটা করতে হবে, ফেবারিট তকমা গায়ে লাগানো যাবে না।
‘ইউনিভার্সো ভালদান’কে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানালেন, ‘আমি মনে করি আমরা একটা ভালো মুহূর্তে আছি এখন। তবে মানুষের পাগলামিতে আমাদের গা ভাসিয়ে দেওয়াটা চলবে না। আমাদের বিশ্বাস করা চলবে না যে আমরা বিশ্বকাপের ফেভারিট। আমাদের বাস্তববাদী হতে হবে, ধাপে ধাপে এগোতে হবে।’
২০২১ সালে ব্রাজিলকে তাদের মাটিতে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা উঁচিয়ে ধরে আর্জেন্টিনা। শিরোপা নিশ্চিত হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন মেসি। তাকে এসে জড়িয়ে ধরেন সতীর্থরা। কেন কান্নায় ভেঙে পড়েছিলেন? সেটিও জানিয়েছেন আর্জেন্টাইন তারকা।
মেসি বলেছেন, ‘অনেক অনেক কিছুর পর একটা হৃদয়জুড়ানো মুহূর্ত এসেছে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে। বহু বছর ধরে অনেকগুলো হতাশার সময় গিয়েছিল। এজন্যই আমি কোপা আমেরিকা জেতার পর কাঁদতে শুরু করেছিলাম।’
এরপর অপ্রতিরোধ্য গতিতে ছুটছে আর্জেন্টিনা। টানা ৩৫ ম্যাচ অপরাজেয় থাকা দলটির বিশ্বকাপ স্বপ্নের সারথি লিওনেল মেসি। ক্লাব পিএসজির জার্সিতে চলতি মৌসুমে ১৯ ম্যাচে ১২ গোল এবং ১৪ অ্যাসিস্টই বলে দিচ্ছে, কতটা ফর্মে আছেন তিনি।
বুধবার (১৬ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেই আবুধাবি থেকে দোহার বিমানে ওঠার কথা আর্জেন্টিনা দলের। ২০ নভেম্বর স্বাগতিক কাতারের সঙ্গে ইকুয়েডরের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। আলবিসেলেস্তারা মাঠে নামবে ২২ নভেম্বর লুসাইলে বাংলাদেশ সময় বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষে। মেসির বন্ধু নেইমার অবশ্য দল নিয়ে পৌঁছাবেন ১৯ নভেম্বর। লুসাইলে ব্রাজিলের প্রথম ম্যাচ ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে। ইতি ঘটবে ১৮ ডিসেম্বরের ফাইনালের মধ্য দিয়ে।













