
হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর:
রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের প্রাচীন দ্বীনি শিক্ষাকেন্দ্র হাফেজিয়া দারুল উলুম (বড়) মাদ্রাসা ও এতিমখানার ৪৯ তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর (বুধবার) অনুষ্ঠিত দিনব্যাপী বার্ষিক সভায় বক্তারা বলেছেন, তাকওয়াবান আলোকিত মানুষ গড়তে কুরআন-সুন্নাহর আলো ছড়ানোর বিকল্প নেই। দূর্গম জনপদে প্রতিষ্ঠিত হয়েও ঈদগড় হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাকাল দিগদিগন্তে কুরআন-সুন্নাহর আলো ছড়িয়ে দিচ্ছে। ফলশ্রুতিতে এ দ্বীনি শিক্ষাকেন্দ্রের অবদানে অসংখ্য হাফেজে কুরআন, আলেমেদ্বীনসহ আদর্শ মানুষ তৈরি হয়ে আসছে। ইসলামী শিক্ষা বিস্তার ও মানবিক কল্যাণের এ বিকাশধারাকে বেগবান করতে দ্বীন অনুরাগী জনসাধারণকে নিষ্ঠাপূর্ণভাবে আন্তরিক সহযোগিতায় এগিয়ে আসতে হবে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে, সহকারী পরিচালক মাওলানা জয়নাল আবেদীনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত বার্ষিক সভায় তাকরীর পেশ করেন, চট্টগ্রাম জামেয়া মাদানিয়া শুলকবহরের মুহাদ্দিস মাওলানা হাফেজ আহমদ গণি, রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা হাফেজ আবদুল হক, চট্টগ্রাম আগ্রাবাদ শাহী জামে মসজিদের খতিব মাওলানা মোস্তফা নূরী, বাঁশখালী মনকিচর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি হেলাল উদ্দিন।
বার্ষিক সভায় মাদ্রাসার হিফজ বিভাগ থেকে সদ্য হিফজ সমাপনকারী ৭ জন ছাত্রকে দস্তারে ফযীলত প্রদান করা হয়। সেই সাথে নূরানী তা’লিমুল কুরআন বোর্ডের তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষা A+ পাওয়া ১৪ ছাত্র-ছাত্রীদরেকে বোর্ড কর্তৃক প্রদত্ত পুরস্কারও প্রদান করা হয়।
এ সভা উপলক্ষে কোমলমতি শিক্ষার্থীদের কন্ঠে তিলাওয়াতে কুরআন ও হাদীস শরীফ পরিবেশন এবং আরবী, বাংলা, ইংরেজী হস্তলিপি প্রদর্শনী ও মাদ্রাসার শিক্ষার্থীদের প্রকাশিত দেয়ালিকা প্রদর্শনী দেখে অতিথিবৃন্দ মুগ্ধ হন।
আল্লাহ তা’আলার দরবারে বিশেষ মুনাজাতের মধ্যদিয়ে এ দ্বীনি মাহফিল সম্পন্ন হয়।











