
বিডিপ্রতিদিন:
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে বলেছেন, ইভিএম একটা জালিয়াতির যন্ত্র, দুর্বল যন্ত্র, এ যন্ত্রের মাধ্যমে এসি রুমে থাকা স্যুট কোট পরিহিতরা নিজেদের মতো করে ফল তৈরী করতে পারে, নির্বাচন কমিশন যা খুশি তা করতে পারে, কারণ এটির মাধ্যমে ফল পুণরায় গণনা করা সম্ভব নয়, পেপার লেস এই যন্ত্রটি একটি বাণিজ্যিক যন্ত্র ছাড়া কিছু না। এছাড়াও ইভিএমে ভোটাররা ভোট দিতে চায় না, ইতিপূর্বে ইভিএম ব্যবহারের পরিসংখ্যান তাই বলছে। ভোটাররা ইভিএমে অনাগ্রহী থাকা সত্বেও ইভিএমে ভোটের আয়োজন কেন তা বোধগম্য নয়। এই ইভিএম নিয়ে নির্বাচন করা একটি আত্মঘাতি ঘটনা।
শনিবার বিকেলে একটি সংগঠনের গুণি শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে এসে রংপুর নগরীর আরডিআরএস চত্বরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশন নিয়ে তিনি বলেন, ইসি আস্থা তৈরি করতে পারেনি, গাইবান্ধার নির্বাচন স্থগিত করে ও তদন্তের ব্যবস্থা করে ইতিহাস সৃষ্টি করেছিল। কিন্তু তদন্তে রাঘব বোয়ালদের বাদ দিয়ে চুনোপুটিদের চিহ্নিত করে দোষি করে শাস্তির সুপারিশ করেছে। এতে মানুষের আস্থা নষ্ট হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সুজন রংপুর মহানগর সভাপতি ফখরুল আনাম বেঞ্জু, সুজন রংপুর সমন্বয়কারী রাজেশ দে রাজু প্রমুখ।













