আর্জেন্টিনার অনুশীলনে ছিলেন না মেসি, উঁকি দিচ্ছে নানা প্রশ্ন

0
5

স্পোর্টস ডেস্কঃ

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আগামী রোববার লুসাইল স্টেডিয়ামে লড়াইয়ে নামবে ১৯৮৬ সালের পর আরেকটি শিরোপা জয়ের জন্য মরিয়া লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা। দিদিয়ে দেশমের ফ্রান্স উন্মুখ মুকুট ধরে রাখতে। তবে ফাইনালের আগে আর্জেন্টিনার প্রথম অনুশীলনে ছিলেন না লিওনেল মেসি। ক্রোয়েশিয়া ম্যাচে খেলা অন্য সতীর্থদের সঙ্গে জিমে ছিলেন তিনি। তবে লিওনেল স্কালোনির অনুশীলনে ছিলেন বিশেষ এক অতিথি- সের্হিও আগুয়েরো!

কাতার বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর মাঠে বৃহস্পতিবার অনুশীলন করে সেরা চারে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে আসা আর্জেন্টিনা। এ দিনের অনুশীলনে মেসি না থাকায় উঁকি দিতে থাকে নানা প্রশ্ন। ক্রোয়েশিয়া ম্যাচে যে এক পর্যায়ে আর্জেন্টিনা অধিনায়ককে দেখা গিয়েঠিল ঊরু চেপে দাঁড়িয়ে থাকতে! পরে জানা যায়, তিনি ব্যস্ত ছিলেন জিমে।

আসরে দারুণ ছন্দে আছেন মেসি, উজ্জ্বল পারফরম্যান্সে এগিয়ে নিচ্ছেন দলকে। এরই মধ্যে ৫ গোল করেছেন তিনি। ফ্রান্সের কিলিয়ান এমবাপের সমান গোল হয়ে গেছে তার। পিএসজির এই দুই সতীর্থ গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে সবার চেয়ে।

লুসাইলে আর্জেন্টিনা-ফ্রান্স শিরোপা লড়াইয়ের মাঝে চলবে মেসি বনাম এমবাপের দ্বৈরথও।

এদিকে এক সময়ের সতীর্থদের সঙ্গে অনুশীলনে কিছুটা সময় কাটান সাবেক স্ট্রাইকার সের্হিও আগুয়েরো। নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে দলের জয়ের পর মাঠে নেমে এসেছিলেন তিনি।

ফাইনালে দলকে সমর্থন দিতে কাতার এসেছেন চোটের জন্য ছিটকে যাওয়া দুই ফরোয়ার্ড হোয়াকিন কোররেয়া ও নিকোলাস গনসালেস।

আগেরামুতে অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই, ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পরেবিজয় দিবস উপলক্ষ্যে কক্সবাজারে ইসলামী ছাত্রসমাজের আলোচনা সভা- দু’আ মাহফিল