
সিবিকে ডেস্কঃ
বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক সাদাপায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন তিনি।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন শেখ হাসিনা। গাওয়া হয় জাতীয় সংগীত। পায়রা উড়ানোর পর বেলুন উড়িয়ে শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে আসন গ্রহণ করেন।
এদিকে সম্মেলন উপলক্ষে শুরু হয় ২৫ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে শোকপ্রস্তাব উত্থাপন করবেন দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করবেন ওবায়দুল কাদের। স্বাগত বক্তব্য রাখবেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম। সভাপতি শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হবে।
এর আগে সকাল ১০টা ২০ মিনিটে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন মঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগ প্রধান।
এদিকে সম্মেলন উপলক্ষে সকাল ৭টা থেকেই ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন নেতাকর্মীরা। কাউন্সিলর ও ডেলিগেটরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ও কালীমন্দির গেট দিয়ে প্রবেশ করেন। কানায় কানায় পূর্ণ হয়ে যায় আওয়ামী লীগের সম্মেলনস্থল।
এবারের জাতীয় সম্মেলনে সারাদেশ থেকে প্রায় ৭ হাজার কাউন্সিলর এবং লক্ষাধিক নেতা-কর্মী অংশ নেবেন। পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হবে কাউন্সিল অধিবেশন। এই অধিবেশনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। দলের নেতৃত্ব নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।













