
সিবিকে ডেস্কঃ
জাতীয় সংসদের উপনেতা হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
সভা শেষে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘সিদ্ধান্ত হয়েছে মতিয়া চৌধুরী উপনেতা, এটাই ফাইনাল।’
চলতি সংসদে সংসদ উপনেতা ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। তাঁর মৃত্যুতে পদটি ফাঁকা হয়।
বৈঠক–সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদ উপনেতা পদে মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করেন। জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগের সংসদীয় দলের সম্পাদক নূর–ই–আলম চৌধুরী তা সমর্থন করেন। এখন এ সিদ্ধান্ত স্পিকারকে জানানোর পর মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে। এরপর সংসদ সচিবালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সংসদ সদস্যদের অবস্থা নিয়ে প্রতিবেদন তাঁর হাতে আছে। যাঁরা ভালো কাজ করছেন, মানুষ যাঁদের পছন্দ করে, তাঁরা আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন। আর যাঁরা জনবিচ্ছিন্ন, যাঁদের নিয়ে সমালোচনা আছে, মানুষ যাঁদের পছন্দ করছে না, তাঁরা আগামী নির্বাচনে দলের মনোনয়ন পাবেন না। তিনি সংসদ সদস্যদের সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা এলাকায় তুলে ধরা এবং বিএনপির অপপ্রচারের কথা তুলে ধরার নির্দেশ দেন।













