
লামা প্রতিনিধি:
বান্দরবানের লামায় এক মার্মা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নে হারগাজা এলাকায় এ ঘটনা ঘটে। ভিকটিমকে চিকিৎসার জন্য শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে লামা হাসপাতালে আনলে বিষয়টি জানাজানি হয়।
লামা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ওই নারীকে বান্দরবান জেলা সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
লামা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. প্রত্যাশা মল্লিক ভিকটিমের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং প্রয়োজনীয় ফরম পূরণ করে তাকে বান্দরবান ওসিসিতে নিয়ে যেতে বলেন।
ভিকটিমের মামা বলেন, শুক্রবার দুপুরে বাড়ির পাশের জমিতে তার ভাগনি শাক তুলতে যায়। এসময় মো. কাউছার (৩৮) ভিকটিমকে মুখ চেপে ধরে পাশের পাহাড়ে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে ধর্ষণ করে।
তিনি আরো বলেন, ঘটনার পরপরই ধর্ষক মো. কাউছারকে এলাকার লোকজন মারধর করেছে। তাকে চকরিয়া কোন এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার আমরা ধর্ষকের উপযুক্ত শাস্তি দাবি করছি। মো. কাউছার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড হারগাজা ফুটেরঝিরি এলাকার আব্দুল্লাহর ছেলে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ভিকটিমকে প্রয়োজনীয় আইনি সহায়তা করা হবে। এই ঘটনায় লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে।











