বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু

0
39

কক্সবাজার খবর ডেস্ক

রাজধানীর ডেমরার কোনাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোফাজ্জল হোসেন রিয়াব (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিয়াব বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বোঙ্গা গ্রামের মো. দিদার হোসেন ছেলে। সে পরিবারের সঙ্গে ডেমরা কোনাপাড়া আরাবারি বটতলা এলাকায় থেকে স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করতো।

রিয়াব দাদী সাহিদা বেগম জানান, সকালে ক্রিকেট খেলতে গিয়েছিল সে। এ সময় মাঠের পাশে একটি দোতলা ভবনের ছাদে বল চলে গেলে সেখান থেকে বল আনতে যায় রিয়াব। এ সময় ছাদের উপরে বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে, রাজধানীর লালবাগের শহীদ নগর এলাকায় শামীম হোসেন বেপারী (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শামীম বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার টোলারচর গ্রামের মো আলী বেপারীর ছেলে। তিনি লালবাগের শহীদ নগর ১০ নম্বর গলির একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন।

শামীমের সহকর্মী আমির হোসেন জানান, সকালে কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে শামীম। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য ওই দু’জনের মরদেহ মর্গে রাখা হয়েছে।সুত্রঃ বাংলা নিউজ টুয়েন্টি ফোর

আগেকক্সবাজারে ডেঙ্গু আক্রান্ত ২৭ জন, ভর্তি-২১
পরেরামু থানা পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক-৪