স্থানীয় সরকার মন্ত্রীর নিরাপত্তায় থাকা দুই পুলিশের ওপর বোমা হামলা

0
47

কক্সবাজার খবর ডেস্কঃ

 

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যের ওপর বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৩১ আগস্ট) রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে এ ঘটনাটি ঘটে। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় পুলিশের ওপর বোমা হামলা
ডিএমপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

.
সূত্র জানায়, আহত দুই পুলিশ সদস্য হচ্ছেন, এএসআই শাহাবুদ্দিন (৩৫) ও কনস্টেবল আমিনুল (৪০)। তারা বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন। গোলাম রসুল নামের একজন সাব ইন্সপেক্টর (এসআই) তাদেরকে হাসপাতালে নিয়ে যান। এএসআই শাহাবুদ্দিনের দু’পায়ে ও কনস্টেবল আমিনুলের হাতে বোমার আঘাত লেগেছে।

এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের সহকারী একান্ত সচিব মো. জাহিদ হোসেন চৌধুরী বলেন, ‘মন্ত্রী গাড়িতে ছিলেন। তাকে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়িটি সামনে ছিল। একজন পুলিশ সদস্য প্রটেকশনের গাড়ি থেকে নেমে ট্রাফিক পুলিশের সঙ্গে যানজট নিরসনে কাজ করছিলেন। তখনই বোমাটি বিস্ফোরণ হয়। এতে প্রটেকশনের থাকা পুলিশের এএসআই শাহাবুদ্দিন আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পর মন্ত্রী তাজুল ইসলাম ওই এলাকা থেকে চলে যান। তার গাড়িতে কিছু হয়নি। তিনি সুস্থ আছেন।’

 

 

আগেখুরুশকুল ব্রীজঃ উঠে যাচ্ছে পাটাতন খুলে যাচ্ছে নাটবল্টু
পরেআবারও ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে চায় হল-মার্ক