
মুখোশধারীরা বান্দরবানের পাইন্দু ইউনিয়ন পরিষদ এলাকা থেকে এক যুবককে অপহরণ করেছে। অপহৃত যুবকের নাম জীবন ত্রিপুরা (২৮)। অপহৃত যুবক বান্দরবান রুমা উপজেলার শুক্রমনি পাড়ার সুমন ত্রিপুরার ছেলে।
রোববার দিনগত রাত রাত আড়াইটায় রুমা উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের ১ নম্বর পাইন্দু ইউনিয়ন পরিষদ এলাকা থেকে মুখোশধারী ৫ সন্ত্রাসী তাকে অপহরণ করে নিয়ে যায়। তবে মুখোশ পরিহিত থাকায় সন্ত্রাসীদের চেনা যায়নি ।
এলাকাবাসী জানান কিছু দিন আগেও রুমায় এই ধরনের অপহরণের ঘটনা ঘটেছে। তবে প্রশাসনের অভিযানের কারণে চাপের মুখে সন্ত্রাসীরা তাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কিন্তু কিছুদিনের ব্যাবধানে আবার অপহরণের এ ঘটনা ঘটলো।
এ বিষয়ে রুমা থানার পুলিশ কর্মকর্তা (ওসি) আবুল কাশেমের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আমরা অপহরণের বিষয়টি জানতে পেরেছি। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী যেীথ অভিযান পরিচালনা করছে। আমরা অপহৃতকে উদ্ধারের চেষ্টায় আছি। যৌথ অভিযানের মাধ্যমে অপহৃতকে দ্রুত উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছি।
ঘটনায় পাড়াবাসীর মনে এখন আতঙ্ক দেখা দিয়েছে। রুমা এলাকার জনগণ তাদের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।











