
আন্তর্জাতিক ডেস্কঃ
জঙ্গি গোষ্ঠি আল কায়েদার দক্ষিণ এশিয়ার প্রধান অসিম ওমর যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের যৌথ অভিযানে নিহত হয়েছেন। গত মাসের ২৩ সেপ্টেম্বর এক অভিযানে নিহত হন তিনি। মঙ্গলবার (০৮ অক্টোবর) আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
এএফপির খবরে বলা হয়েছে, অসিম ওমর ২০১৪ সাল থেকে ভারতীয় উপমহাদেশের আল কায়েদা শাখার নেতৃত্বে ছিলেন। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের মুসা কালা জেলার একটি তালেবান কম্পাউন্ডে অভিযানে তিনি নিহত হন।
তবে অসিম ওমর নিহতের খবর অস্বীকার করেছে আল কায়েদা। তারা এই খবরকে শত্রুদের প্রপাগান্ডা হিসেবে আখ্যা দিয়েছে। আল কায়েদার দাবি, ওই অভিযানে একটি বিয়ের অনুষ্ঠানের বেশ কয়েকজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।
বিশ্বে জঙ্গিদের বিভিন্ন বিষয় প্রকাশ করা সাইট ইন্টেলিজেন্সে একটি বিবৃতি প্রকাশ করেছে আল কায়েদা। সেখানে তারা বলেছে, ওই অভিযানে বিয়ের অনুষ্ঠানে থাকা দশ জন সাধারণ আফগান হতাহত হয়েছেন।
আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা দপ্তর জানিয়েছে, ওমর ছিলেন পাকিস্তানি নাগরিক। কিন্তু কিছু তথ্যে দেখা গেছে তিনি ভারতে জন্মগ্রহণ করেন।
দেশটির নিরাপত্তা দপ্তর এক টুইটবার্তায় জানিয়েছে, অসিম ওমরসহ আরও ছয় আল কায়েদার সদস্য ওই অভিযানে নিহত হয়েছেন। তারা সবাই পাকিস্তানের নাগরিক। গত ২২-২৩ সেপ্টেম্বর রাতভর এই দীর্ঘ অভিযান চালায় আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। ওই অভিযানে যুক্তরাষ্ট্র মূলত বিমান পরিষেবা দেয়। এই অভিযানে নারী ও শিশুসহ ৪০ জন নিহত হয়েছেন বলে যে খবর প্রকাশ হয়েছে তার তদন্ত করছে কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান।













