
কক্সবাজারে আজ শুক্রবার শুরু হয়েছে নবম বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ ডায়ালগ ২০১৯। হোটেল রয়েল টিউলিপে দুদিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলে অন্যতম ডেলিগেট হিসেবে অংশ নিবেন বিশিষ্ট আইনজীবী ও রামু সমিতির সহ-সভাপতি প্রশান্ত ভূষণ বড়ুয়া।
ভারত ও বাংলাদেশ দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ়করণসহ কর্মসংস্থান সৃষ্টিই এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য। উভয় দেশের সম্ভাবনাময় প্রযুক্তি, জ্বালানি ও বিদ্যুত্ খাতের উন্নয়ন নিয়ে আলোচনা করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতের আসাম রাজ্যের মন্ত্রী ভিস্ম শর্মা, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা তাঁদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরবেন।
রামু সমিতি এই দ্বিপাক্ষিক আলোচনায় প্রশান্ত ভূষণ বড়ুয়ার অংশগ্রহণে গর্বিত এবং আশা করে তার গঠনমুলক বক্তব্যের মাধ্যমে আলোচনাটি প্রাণবন্ত ও অর্থবহ হবে।













