বিতর্কিত রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর অফিস বন্ধের নির্দেশ!

0
11

উখিয়া প্রতিনিধিঃ

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের কথিত ও বহু বিতর্কিত অধিকার বিষয়ক ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের’ (এআরএসপিএইচ) প্রধান কার্যালয় বন্ধ করার নির্দেশে দেওয়ার খবর পাওয়া গেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এর অফিস তালাবদ্ধ করে রাখার কথা বলা হয়েছে । উক্ত রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ গত আগস্ট থেকে অনেকটা নিজেকে আড়াল করে রেখেছেন।

 

আশ্রয় ক্যাম্পের রোহিঙ্গা শরণার্থীদের এই সংগঠনের নেতাদের প্রতি এমন নির্দেশ দিয়েছেন কর্মকর্তারা। রোহিঙ্গাদের এক মুখপাত্র এমনটা দাবি করলেও তাদের অফিস বন্ধ করে দেয়ার কথা অস্বীকার করেছেন বাংলাদেশে শরণার্থী বিষয়ক কমিশনার মাহবুব আলম তালুকদার। তিনি বলেছেন, কর্তৃপক্ষ নির্মিত বহুমুখী কাজে ব্যবহারের উপযোগী কমিউনিটি সেন্টারে মিটিং করতে বলা হয়েছে রোহিঙ্গা সমপ্রদায়ের নেতাদের। আমরা কোনো অফিস বন্ধ করিনি। তাই বলে আমরা এমন কোনো কিছু অনুমোদন করব না, যা শরণার্থী শিবিরের সার্বিক আইনশৃংখলা পরিস্থিতিকে প্রশ্নের মুখে ফেলে। এ খবর দিয়েছে অনলাইন এএফপি।
এতে আরো বলা হয়, কক্সবাজারে আটকে পড়া রোহিঙ্গাদের কথা বলার মূল কণ্ঠ হিসেবে আত্মপ্রকাশ করেছিল এআরএসপিএইচ। দুই বছরেরও বেশি সময় আগে মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংসতা থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী। কিন্তু তাদের বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডে স্থানীয় অধিবাসী লোকজন ও প্রশাসনের মাঝে অধৈর্য্য ক্রমশ বাড়ছে। এমনই এক প্রেক্ষাপটের মধ্যে ওই নির্দেশ দেয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
এআরএসপিএইচের মুখপাত্র সায়েদ উল্লাহ শুক্রবার গণমাধ্যমকে বলেছেন, ক্যাম্প ইনচার্জ আমাদের অফিস তালাবদ্ধ করে রাখার নির্দেশ দিয়েছেন। সমবেত হওয়ার আগে অনুমতি নিতে বলা হয়েছে। তিনি আরো বলেন, এ কারণে তাদের গ্রুপের সবরকম কর্মকাণ্ড স্থগিত রয়েছে। উল্লেখ্য, শিক্ষক থেকে হঠাৎ অধিকারকর্মী হয়ে উঠা মহিবুল্লাহ নেতৃত্ব দিচ্ছেন এআরএসপিএইচের। শরণার্থীদের গুরুত্বপূর্ণ নেতা ও আন্তর্জাতিক পর্যায়ের মিটিংগুলোতে তিনি হয়ে উঠেছেন মুখপাত্র। এ বছর আগস্ট মাসে মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংসতার দ্বিতীয় বর্ষপূর্তিকে স্মরণ করে রাখার জন্য প্রায় দুই লাখ শরণার্থীকে নিয়ে র‌্যালি ও সমাবেশের নেতৃত্ব দেন মহিবুল্লাহ । তারপর থেকেই তিনি কড়াকড়ির আওতায় পড়েন।

আগেউখিয়ায় মাহবুব হত্যার ৭ দিনেও আসামি গ্রেপ্তার হয়নি
পরেরামুতে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপারঃ কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরী