
কক্সবাজার খবর ডেস্কঃ
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যখন তিনি জীবনমৃত্যুর শঙ্কায়— ঠিক ওই সময়েও শোনা যাচ্ছিল প্রধানমন্ত্রীর সামরিক সচিব হিসেবে চতুর্থ দফায় পুনঃনিয়োগের কথা ভাবা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমনই আস্থাভাজন ছিলেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন। সবসময় তিনি থাকতেন প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর সামরিক সচিব হিসেবে নিযুক্ত ছিলেন। প্রচারবিমুখ ও সদালাপী এই মানুষটি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই আস্থাভাজন। এ কারণে ২০১১ সালের ২১ নভেম্বর থেকে টানা তিনবার তিনি প্রধানমন্ত্রীর সামরিক সচিবের দায়িত্ব পান।
১৯৬০ সালের ১ জানুয়ারি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামে জন্ম তার। পিতা ইছহাক মিয়া ও মা মেহেরুন্নিছা। জয়নুল আবেদীনের পড়ালেখার হাতেখড়ি ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসায়। সপ্তম শ্রেণিতে তিনি ভর্তি হন ফৌজদারহাট ক্যাডেট স্কুল এন্ড কলেজে। ১৯৭৫ সালে এসএসসি এবং ১৯৭৭ সালে এইচএসসি পাশ করেন তিনি। ১৯৭৮ সালে যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীতে। দুই বছর বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার পর ১৯৭৯ বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন।
বিশৃঙ্খল,বিপদ সংকুল ও গোলযোগপূর্ণ পার্বত্য চট্টগ্রামে ১৯৯৫-৯৬ সালে দায়িত্ব পালনকালে তার সাহসী নেতৃত্ব, বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার কারণে অনেক জটিল ও কঠিন সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব হয়েছিল। দেশের প্রতি নির্ভয় আত্মত্যাগ, পাহাড়সম মানসিক দৃঢ়তা ও দেশসেবার মহান ব্রত সবকিছু বিবেচনায় তাকে মর্যাদাপূর্ণ ‘বীর বিক্রম’ উপাধিতে ভূষিত করা হয়।













