
নিজস্ব প্রতিনিধিঃ
কক্সবাজারে মেডিকেল কলেজ ল্যাবে করোনা ভাইরাস জীবাণু টেস্ট পুরোদমে শুরু হচ্ছে। ল্যাবে আজ বুধবার (১ এপ্রিল) সফলভাবে মান নির্ণয়মূলক করোনা টেস্ট চলেছে।
আগামীকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে পুরোদমে করোনা ভাইরাস টেস্ট শুরু হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া।
তিনি বলেন, কলেজের ল্যাবে ২৪ ঘন্টায় ৯৬ জনের করোনা ভাইরাস জীবাণু টেস্ট করা সম্ভব। তবে প্রথম পর্যায়ে খুব সীমিত আকারে করোনা ভাইরাস জীবাণু টেস্ট করা হবে। কোন মানুষের করোনা ভাইরাসে আক্রান্তের লক্ষণ দেখা দিলে তার দেহের রক্ত ও অন্যান্য স্যাম্পল এই ল্যাবে টেস্টের জন্য কক্সবাজারের সিভিল সার্জন, কক্সবাজার সদর হাসপাতালের তত্বাবধায়ক, কক্সবাজারের জেলা প্রশাসকের মাধ্যমে প্রেরণ করতে হবে। সরাসরি কেউ এসে করোনা ভাইরাস টেস্ট করাতে পারবেন না। প্রতিদিনের করোনা ভাইরাস টেস্ট রিপোর্ট ঢাকার আইইডিসিআর এর মাধ্যমে প্রকাশ করা হবে।
তিনি আরো বলেন, মঙ্গলবার দিবাগত রাত্রে ঢাকা থেকে পর্যাপ্ত পরিমাণে করোনা ভাইরাস টেস্টের কিট পাঠানো হয়েছে। তবে বিধি অনুযায়ী কিটের সংখ্যা প্রচার যাচ্ছে না।
ইতিমধ্যে ঢাকার আইইডিসিআর এর মেডিকেল টেকনোলজিস্ট ও অভিজ্ঞ লোকজনের একটি টিম এসে কক্সবাজারের মেডিকেল টেকনোলজিস্টদের হাতেকলমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়েছেন। তারা আরো কিছুদিন কক্সবাজারে অবস্থান করে কক্সবাজার মেডিকেল কলেজের করোনা ভাইরাস জীবাণু টেস্টের ল্যাবটির সার্বিক কার্যক্রম দেখে কেন্দ্র এ বিষয়ে প্রতিবেদন দেবেন।













