বউ-শাশুড়িকে জবাই করে নামাজ পড়তে মসজিদে ঘাতক

0
11

সিবিকে ডেস্কঃ

কুমিল্লার নাঙ্গলকোটে মা-ভাবিকে কুপিয়ে হত্যার একদিন পরই আরও একটি জোড়া খুনের ঘটনা ঘটল জেলায়। বুড়িচং উপজেলায় এবার শাশুড়ি ও স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন জামাই লোকমান হোসেন। এ সময় স্থানীয়রা ঘাতককে ছুরিসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হালগাঁওয়ে এ হত্যার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বল্লভপুর গ্রামের শাহালম মিয়ার স্ত্রী বানু বিবি (৫৫) ও তার মেয়ে ফারজানা বেগম (২৫)। আর ঘাতক লোকমান হোসেন বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসারের হালগাঁও গ্রামের মৃত আলম মিয়ার ছেলে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সঠিক কোনো কারণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শাশুড়ি বানু বিবিকে ফোন করে আজ বিকেলেই নিজের বাড়িতে আনেন লোকমান। স্ত্রী ফারজানার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে শুরু করেন ঝগড়া। একপর্যায়ে শাশুড়ি ও স্ত্রীকে নিজ ঘরেই ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন।

দুজনকে হত্যার পর হাতে ছুরি নিয়েই মসজিদে নামাজ পড়তে যান লোকমান। এ সময় তাকে অস্বাভাবিক দেখায় ভয়ে কেউ কিছু জিজ্ঞেস করারও সাহস পাচ্ছিল না।

নামাজ শেষে ছুরি হাতে নিয়েই ঘরের দরজায় বসে থাকেন তিনি। প্রতিবেশীরা তখন জানালা দিয়ে ঘরে রক্তাক্ত লাশ দেখতে পেয়ে বুড়িচং থানা পুলিশে খবর দেয়। পরে দেবপুর ফাঁড়ি পুলিশ ও বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক ফোর্স নিয়ে এসে লোকমানকে আটক করে। জব্দ করা হয় তার পাশে পড়ে থাকা ছুরিটি।

দাম্পত্য জীবনে লোকমানের এক মেয়ে ও একটি ছেলে রয়েছে। তবে এই ঘাতক মাদকাসক্ত বলে জানান স্থানীয়রা।

বুড়িচং থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ঘাতক লোকমানকে আটক করা হয়েছে ছুরিসহ। তবে হত্যাকাণ্ডের মূল কারণ এখনো জানা যায়নি।

আগেইনানীতে অধিগ্রহণকৃত জমি দখলে সশস্ত্র মহড়া, ঘটনাস্থল পরিদর্শনে এসিল্যান্ড
পরেকক্সবাজারে সর্ববৃহৎ ইয়াবার চালান জব্দ, গডফাদারের খোঁজে পুলিশ