
চকরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার টিকেট পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আলমগীর চৌধুরী। শনিবার দুপুরে তাঁর মনোনয়ন নিশ্চিত করে কেন্দ্রীয় আওয়ামীলীগ। আগামী ১১ এপ্রিল ৬ষ্ঠ ধাপে এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে ২০১৬ সালে ২০ মার্চ চকরিয়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়েছিলেন আলমগীর চৌধুরী। তার মনোনয়ন পাওয়ার খবরে দলীয় নেতাকর্মী, সুশীল সমাজ এবং সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দভাব ও উৎসব আমেজ বিরাজ করছে।
শনিবার (১৩ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাকে মেয়র প্রার্থী হিসেবে দলীয় প্রতীক (নৌকা) মনোনয়ন দেওয়া হয়। এমন ঘোষণা শোনার পর আলমগীরের সমর্থকরা খুশিতে উল্লাসে ফেটে পড়েন। বিভিন্ন জায়গা মিষ্টি বিতরণ করেন তার সমর্থকরা। অনেক দলীয় নেতাকর্মীরা অভিনন্দন জানান।
মেয়র আলমগীর চৌধুরী বলেন, সকল শ্রেণিপেশার মানুষের আন্তরিক ভালোবাসা ও দোয়ায় প্রিয় নেত্রী শেখ হাসিনা দ্বিতীয় বারের মতো আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আগামী ১১ এপ্রিল নির্বাচনে সবার ভালোবাসা নিয়ে নির্বাচিত হব বলে আশাবাদী। দলীয় প্রতীক পাওয়ায় আমার প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই।
মেয়র আলমগীর চৌধুরী ছাত্র জীবন থেকে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রস্তাবিত চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর আওয়ামী লীগের রাজনীতি হাল ধরেন তিনি। বর্তমানে তিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এসময় বিএনপি-জামাত বিরোধী অন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। তার বিরুদ্ধে কোন ধরণের দখলবাজ বা লুটপাঠের অভিযোগ নেই। এলাকায় স্বচ্ছ ও পরিছন্ন রাজনীতি কর্মী হিসেবে পরিচিতি রয়েছে।













