
মিজবাউল হক,চকরিয়া
ফেসবুকে লাইভে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও বঙ্গবন্ধুকে নিয়ে কুরুচিপূর্ন ভিডিও প্রচার করার অভিযোগে শিবির ক্যাডার মো.নুরুল আজাদ (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
প্রযুক্তির মাধ্যমে তার আইডি সনাক্ত করে রবিবার দুপুর ১টার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করেন। শনিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে এ ভিডিও লাইভে এসে হত্যার হুমকি দিলে ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
শিবির ক্যাডার নুরুল আজাদ কক্সবাজার সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ও চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের রাজধানীপাড়া পুকপুকুরিয়া এলাকার এনামুল হকের ছেলে।
এ ঘটনায় চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের খোয়াজনগর এলাকার বাসিন্দা ফারুক হোসাইন বুলেট বাদী হয়ে নুরুল আজাদকে প্রধান আসামি করে তথ্য প্রযুক্তি আইনে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, নুরুল আজাদ ফেসবুকে “সিকদারুল ইসলাম সাগর” আইডিতে লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও গালিগালাজের পাশাপাশি বঙ্গবন্ধুকেও নিয়ে সমালোচনা করেন। তার ৩ মিনিট ৫৭ সেকেন্ডের এই ভিড়িওতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগকে ‘কুত্তালীগ বলে অশ্লীল ও আক্রমণাত্মক ভাষায় গালিগালাজ করে শিবির ক্যাডার নুরুল আজাদ। ‘হাসিনা তোর জীবন শেষ’, হাসিনা তুই জাননা, তোর বাবাকে কিভাবে মারা হইছে, তোকে সেই ভাবে মারা হইবে, বলে হুমকি প্রদান করেন।
৯নং ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক ছাত্রলীগ নেতা মামলার বাদী ফারুক হোসাইন বুলেট জানান, তার এলাকার নুরুল আজাদ শিবির রাজনীতির সাথে জড়িত এবং ৯নং ওয়ার্ডের সাবেক শিবিরের সাধারণ সম্পাদক ছিলো।
এদিকে ভিডিওটি মুহুর্তের মধ্যে ফেইসবুকে ভাইরাল হলে ক্ষোভে ফেটে পড়ে আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ। দ্রুত সময়ে শিবির ক্যাডার আজাদের শাস্তি দাবী করেন সংগঠনের নেতাকর্মীরা।
চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ন গাালিগালাজ কেউ সহ্য করবে না। নুরুল আজাদ শিবির রাজনীতির সাথে জড়িত। চকরিয়াকে অশান্ত করতে এটা পরিকল্পিত ষড়যন্ত্র। তাকে দ্রুত গ্রেফতার করায় পুলিশকে ধন্যবাদ জানান তিনি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও ছাত্রলীগ সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য লাইভে এসে ফেসবুকে প্রচার করার অভিযোগে নুরুল আজাদকে গ্রেফতার করা হয়। রবিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।













