
সিবিকে ডেস্কঃ
লোহাগাড়ায় লকডাউন না মেনে দোকানপাট খোলা ও ঘর থেকে বের হওয়ার অপরাধে ২৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদের কাছ থেকে ১৫ হাজার ৯৪০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার (২ জুলাই) সকালে লোহাগাড়া সদর বটতলি মোটর স্টেশন, আধুনগর খাঁনহাট বাজার, বড়হাতিয়া মনুফকিরহাট বাজার, সেনেরহাট বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম চৌধুরী এ জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম চৌধুরী বলেন, চলমান লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে প্রশাসন। লকডাউন অমান্য করায় ২৯ জনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সংক্রমণ প্রতিরোধ আইন-২০১৮এর ২৪ ধারায় ১৫ হাজার ৯৪০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ কঠোর লকডাউন চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত। এ সময়ে সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।











