
কক্সবাজারের পেকুয়ায় সিএনজিচালিত অটোরিকশার সিলিণ্ডার বিস্ফোরণে আট শিশু অগ্নিদগ্ধ হয়েছে। এদের মধ্যে ছয় জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২ জুলাই) দুপুরে উপজেলার একটি গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
চমেকে নিয়ে আনা দগ্ধরা হলেন— শামীম (১৪), রুহুল আমিন (৪০), নুরুল আলম (১৫), তানিম (১২), তৌহিদ (১৪), তারেক (১৩)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে গ্যারেজে একটি সিএনজিচালিত অটোরিকশা মেরামতের জন্য আনা হয়। এ সময় গ্যাস সিলিন্ডার বের করতে গেলে সেটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় গ্যারেজের কর্মীসহ আটজন দগ্ধ হয়। পরে দগ্ধ ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া সিভয়েসকে বলেন, পেকুয়ায় সিলিন্ডারে বিস্ফোরণে দগ্ধ ছয় জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি দিয়েছেন। তাদের শরীরের কয়েকটি অংশে পুড়ে গেছে। তবে কেউ আশংকাজনক নয়।













