
সিবিকে ডেস্কঃ
রাজধানীর বনানী থানায় আলোচিত নায়িকা পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে এলিট ফোর্স র্যাব।
বৃহস্পতিবার (৫ আগস্ট) র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করে জানান, পরীমণির বিরুদ্ধে একটি মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বনানী থানায় এই মামলা দায়ের করা হবে। বিকালে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগে বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় বনানীর বাসা থেকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন পরীমণি। তবে বুধবার মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল থেকে আবারও তাকে জিজ্ঞাসাবাদ চলছে। র্যাবের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
র্যাবের কর্মকর্তারা জানান, বুধবার বিকালে অভিযানের সময় তার বাসা থেকে বিদেশি মদ, আইস ও এলএসডি মাদক উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, আটকের পর পরীমণিকে সোজা উত্তরার র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে র্যাবের গোয়েন্দা শাখার সদস্যরা তাকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। জিজ্ঞাসাবাদে পরীমণি কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তার সঙ্গে উচ্চবিত্ত ও ধনাঢ্য ব্যবসায়ী, রাজনীতিবিদ ও আইন-শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের কার কার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে- তা অকপটে বলতে শুরু করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে র্যাবের কর্মকর্তারা তার উচ্ছৃঙ্খল জীবন-যাপন, বিপুল পরিমাণ অর্থের উৎস এবং কিছুদিন আগে বোট ক্লাবে ঘটে যাওয়া ধর্ষণের অভিযোগ সম্পর্কেও জানতে চাওয়া হয়। কোনও কোনও প্রশ্নের জবাবে নিশ্চুপ ছিলেন পরীমণি। তবে বেশিরভাগ সময়ই কান্নাকাটি করেছেন। পরী বলেছেন, তিনি ভাবতেও পারেননি তার বাসায় আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালাতে পারে কিংবা তাকে এভাবে মাদকদ্রব্যসহ আটক করা হতে পারে।
সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, অভিযানের সময় পরীমণি জনৈক সম্পদ ও পুলিশের একজন কর্মকর্তাসহ বেশ কয়েকজনকে ফোন করেছিলেন। তাদের সঙ্গে পরীমণির কী সম্পর্ক সেটাও জানার চেষ্টা করছে। এ ছাড়া পরিমণির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই কথিত প্রযোজক ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালানো হয়।
র্যাবের একজন কর্মকর্তা জানান, পরীমণির সহযোগী নজরুল রাজের বাসা থেকে সিসা খাওয়ার উপকরণসহ বিকৃত যৌনাচারের উপকরণ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ও পর্নোগ্রাফি আইনে পৃথক মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনেও একটি মামলা হতে পারে বলে জানিয়েছেন র্যাবের একজন কর্মকর্তা।













