
সিবিকে:
কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে এবং এটুআই কর্মসূচীর সহযোগিতায় ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উদযাপন ও ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন এর উদ্বাধন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মলন কক্ষে আলোচনা সভা,বর্ষপূর্তির কেককাটা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো মামুনুর রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০১০ সালের ১১ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্বোধন করেন। এর মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয় ৬০ ধরণের সেবা।দেশের প্রান্তিক পর্যায়ে দ্রুততম অল্প সময়ে নাগরিক সেবার সুযোগ তৈরির ক্ষেত্রে এক উচ্চতায় পৌঁছে গেছে ডিজিটাল সেন্টারগুলো।এসব ডিজিটাল সেন্টারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনের কার্যক্রম বহুগুণে এগিয়ে গেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান, জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সহকারী প্রোগ্রামারগণসহ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ডিজিটাল সেন্টারের ১১বছর পূর্তির কেক কাটা হয়।













