
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে স্বামী সন্তানকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত দুই নম্বর আসামি ইসরাইল হুদা উরফে জয়ের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনছুর সিদ্দিকী এ আদেশ দেন।
এর আগে বিকেলে গ্রেপ্তার জয়কে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। দীর্ঘ শুনানির পর আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন
মামলার তদন্ত কর্মকর্তা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে এই ধর্ষণকাণ্ডের সন্দেহে আটক তিনজন ও হোটেল ব্যবস্থাপক রিয়াস উদ্দিন ছোটনকে রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার (২২ ডিসেম্বর) রাতে শহরের সন্ত্রাসী আশিক ঢাকা থেকে স্বামী-সন্তান নিয়ে কক্সবাজার বেড়াতে আসা এক নারী পর্যটককে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে কক্সবাজারের হোটেল জিয়া গেস্ট ইন থেকে র্যাব ধর্ষিতা নারী পর্যটককে উদ্ধার করে। এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর রাতে কক্সবাজার সদর থানায় ৪ জনের নাম উল্লেখ করে ৭ জনের বিরুদ্ধে মামলা করেন ভিকটিমের স্বামী। এজাহারভুক্ত আসামিরা হলেন— আশিকুর রহমান ও তাঁর তিন সহযোগী ইস্রাফিল খোদা ওরফে জয় ও মেহেদি হাসান ওরফে বাবু এবং হোটেল ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটন। আসামিদের মধ্যে জিয়া গেস্ট ইনের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটনকে ওইদিন বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার করেছে র্যাব।













