সিনহা হত্যা মামলার যুক্তিতর্ক শেষ হচ্ছে বুধবার, রায় শিগগির

0
5

নিজস্ব প্রতিবেদকঃ

সিনহা হত্যা মামলার বিচারিক কার্যক্রমের শেষ ধাপের যুক্তিতর্ক আগামীকাল বুধবার (১২ জানুয়ারি) শেষ হবে। যুক্তিতর্ক শেষে আলোচিত এ মামলার রায় শিগগিরই ঘোষণা করা হবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় তৃতীয় দিনের যুক্তিতর্ক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে রাষ্ট্রপক্ষের আইনজীবি পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল এই তথ্য জানান।

তিনি জানান, গত ১ ডিসেম্বর আসামিদের আত্মপক্ষ সমর্থন করে সাফাই সাক্ষ্য শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য গত ৯ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত দিন ধার্য করেছিলেন আদালত। আজ (মঙ্গলবার) অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামীকাল বুধবার (১২ জানুয়ারি) এ মামলার যুক্তিতর্কের শেষ দিন।

এদিকে, এ মামলা আইনের গতিতে চলছে না বলে জানিয়ে আসামি পক্ষের আইনজীবি রানা দাশ গুপ্ত বলেছেন, বিধান অনুযায়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট র‌্যাবকে দিয়ে এই মামলা তদন্ত করার নির্দেশ দিতে পারে না।

জানা যায়, আজ মঙ্গলবার কক্সবাজার জেলা ও দায়রা জজ মুহাম্মদ ইসমাঈলের আদালতে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তৃতীয় দিনের যুক্তিতর্ক চলে। আসামি বরখাস্ত পরিদর্শক লিয়াকত এবং বরখাস্ত ওসি প্রদীপের পক্ষে ৮ জন আইনজীবী তাদের যুক্তিতর্ক আদালতে তুলে ধরেন। যুক্তিতর্কে প্রথমে লিয়াকতের পক্ষে সিনিয়র আইনজীবী এডভোকেট চন্দন কুমার দাশ শুরু করেন। লিয়াকতের পক্ষে আরও ৩ জন আইনজীবী আদালতে যুক্তিতর্কে অংশ নেন। দুপুরে বরখাস্ত ওসি প্রদীপের পক্ষে তার প্রধান আইনজীবী এডভোকেট রানা দাশ গুপ্ত আদালতে তার যুক্তিতর্ক শুরু করেন। এসময় আরও তিন আইনজীবী আসামি প্রদীপের পক্ষে আদালতে যুক্তিতর্কে অংশ নেন। এডভোকেট রানা দাশ গুপ্তের যুক্তিতর্ক অসমাপ্ত রেখে আজ আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেন আদালত। আগামীকাল বুধবার (১২ জানুয়ারি) এডভোকেট রানা দাশ গুপ্ত তার অসমাপ্ত যুক্তি-তর্ক শুরু করবেন বলে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন তিনি।

এর আগে, সকাল সাড়ে নয়টার দিকে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসসহ ১৫ আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

আগেনাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
পরেহত্যা মামলায় সাক্ষ্য দেওয়ায় গৃহবধূকে কুপিয়ে খুন: প্রধান আসামি গ্রেপ্তার