
চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় বসত বাড়িতে অগ্নিকাণ্ডে দীল সাবা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
নিহত দীল সাবা চকরিয়া উপজেলার ৯নং পূর্ব বড় ভেওলা ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৪ টার দিকে চকরিয়ার ৯নং পূর্ব বড় ভেওলা ইউনিয়নের নয়াপাড়ার একটি বসত বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাইফুল হাছান। তিনি সিভয়েসকে বলেন, ‘ভোর রাত সাড়ে ৪ টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের একটি ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়। এ সময় আগুনে দগ্ধ হয়ে দীল সাবা বেগম নামে এক নারীর মৃত্যু হয়। লাশ আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে বলা যাবে।’













