
উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার পৌনে ৪টার দিকে কুতুপালং ৫ নম্বর ইরানী পাহাড় রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে প্রায় ৩শ’টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় রোহিঙ্গারা জানান, বিকেল ৩টা ৪০মিনিটের দিকে কুতুপালংয়ের ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পাশের ৬ নম্বর ক্যাম্পেও। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ওই দল।
কক্সবাজারের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার সামছুদ্দৌজা নয়ন বলেন, আগুনের সূত্রপাতের সঠিক তথ্য এখনো মিলেনি। আগুনে প্রায় ৩০০ রোহিঙ্গা বসতি ও দোকান পুড়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে দগ্ধ এক শিশু মারা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।












