
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদরের খুরুশ্কলে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার দুপুরের দিকে খুরুশ্কল ইউনিয়নের কুলিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কুলিয়া পাড়া ফারুকের ও রাশেদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর জের ধরে জুমার নামাজের পর দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
ফারুকের অভিযোগ, তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রাশেদের ভাই আবু সুফিয়ান ও তাদের পক্ষের মনজুরের ভাতিজা বাবু এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। গুলিতে ফারুক এবং পথচারীসহ ১৫জন গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে ইফতাদুল নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে রাশেদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
খুরুশ্কুল ইউপি চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী বলেন, জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তাদের গোলাগুলিতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে বলে শুনেছি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস বলেন, উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জেনেছি। ঘটনা তদন্তের জন্য সন্ধ্যার দিকে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে।













