
সিবিকে ডেস্কঃ
র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকালে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে উত্থাপন করবে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ৪৫ লাখ ভারতীয় জনগণও যুক্তরাষ্ট্র সরকারকে বলেছে। তারা এটি করেছে শুধু ভারত আমাদের বন্ধু রাষ্ট্র বলে।’ তিনি বলেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামী ২৮ এপ্রিল ঢাকায় আসছেন। তিনি একটি বিশেষ বার্তা নিয়ে বাংলাদেশে আসছেন। ভারতীয় পত্রপত্রিকা বলছে, তিনি প্রধানমন্ত্রীকে দাওয়াত দিতে আসছেন। এর আগে প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু এবার হয়তো তারিখসহ আমন্ত্রণ জানানো হবে।’
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পরিষ্কার করে বলেছেন যে কোনও উন্নতি না হলে র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি ঠিক আছে। বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা যে বিষয়টি বলছে সেটি হচ্ছে দায়বদ্ধতা। এই দায়বদ্ধতা ম্যাকানিজম র্যাবের অভ্যন্তরে রয়েছে।
এদের অনেকেই শাস্তি পায় জানিয়ে তিনি বলেন, কিন্তু এই বার্তাটি যুক্তরাষ্ট্রের কাছে ঠিকমতো পৌঁছায় না।













